নগরীর জুবলী রোডের কাদের টাওয়ারের আটলান্টিক ডিস্ট্রিবিউশনের ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির সুপারভাইজারসহ দু’জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মুহিদুল ইসলাম এ আদেশ দেন। কারাগারে যাওয়া দু’জন হলেন, আটলান্টিক ডিস্ট্রিবিউশনের সুপারভাইজার আরাফাত আমিন ও তার সহযোগী মোহাম্মদ রিযু। বাদীর আইনজীবী সিরাজুল ইসলাম চৌধুরী দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর দায়ের হওয়া মামলায় আসামিরা ভুল তথ্য দিয়ে জামিন নিয়েছিলেন। আমরা বিষয়টি নজরে এনে আদালতে তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। ধার্য তারিখ হওয়ায় আজকে (গতকাল) আসামিরাও হাজির ছিলেন। শুনানি শেষে আদালত আমাদের আবেদন গ্রহণ করেন এবং দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতসূত্র জানান, গত ২৪ আগস্ট নগরীর কোতোয়ালী থানাধীন জুবলী রোডের কাদের টাওয়ারের অষ্টম তলায় অবস্থিত ‘আটলান্টিক ডিস্ট্রিবিউশন’ নামক প্রতিষ্ঠানে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১ নম্বর আসামি আরাফাত আমিন ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার এবং ৩ নম্বর আসামি মোহাম্মদ রিযু তার পূর্ব পরিচিত। আসামিরা পরস্পর যোগসাজশে প্রতিষ্ঠানের বিভিন্ন বিকাশ এজেন্টের দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে উক্ত ৫০ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। এই ঘটনায় প্রতিষ্ঠানটির হেড অব অ্যাকাউন্টস মো. ইফতেখার হোসাইন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।












