চন্দনাইশে লাকড়ি ঘর থেকে লাকড়ি আনতে গিয়ে সাপের কামড়ে এক নববধূর মৃত্যু হয়েছে। তার নাম রহিমা বেগম (১৮)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড ময়নার বাপের পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। মাত্র ৪০ দিন আগে বাঁশখালীর রহিমা বেগমের সাথে ময়নার বাপের পাহাড় এলাকার মো. অহিদুল্লাহর সাথে বিয়ে হয়।
নিহত গৃহবধূর ভাসুর সেলিমুল্লাহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় রান্নার চুলায় আগুন ধরানোর জন্য লাকড়ি আনতে লাকড়ি ঘরে যান রহিমা। এ সময় লাকড়ির স্তূপে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে সাপে কামড় দেয়। পরে শরীরে যন্ত্রণা শুরু হলে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান। এরপর তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. টিপু মজুমদার বলেন, রহিমা বেগমকে রাত সাড়ে ৭টার দিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।










