৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ দিনে ঘোড়ার গাড়িতে করে বাড়ি ফিরলেন বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব সরকার। গলায় পুষ্পমাল্য, হাতে সম্মাননা স্মারক ও উপহার নিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তার বাড়ি ফেরার আয়োজন করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম। সহকারী শিক্ষক প্রজীব কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক সদস্য মো. সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজি আবু আকতার, পৌরসভা বিএনপি নেতা মো. লোকমান, শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, দিল আফরোজ রিতা, সেলিম মাহমুদ, শরীফ জাহান, মাহবুবুর রশীদ, কান্তা তেওয়ারি, রিমি বড়ুয়া, মোছাম্মৎ মাওয়া, রাজীব চৌধুরী ও মোহাম্মদ রফিকসহ বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বিপ্লব সরকারের ৩৩ বছরের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থী ও অভিভাবকেরাও তার অবদানের কথা স্মরণ করেন। বিদায়ী শিক্ষক নিজের অনুভূতি প্রকাশ করেন। পরে তাকে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।












