২৪ ঘণ্টার মধ্যে সাজেক খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

সাজেকে বেড়াতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করছে পর্যটন সংশ্লিষ্টরা। গতকাল বুধবার সকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের জেরে সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করায় ক্ষতির মুখে পাহাড়ের পর্যটন অর্থনীতি।

যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুস চাকমা বলেন, আমাদের এখানে অনেক শ্রমিক সাজেক ভ্যালির সঙ্গে সম্পৃক্ত। আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা সকলেই এখানে আমাদের পেটের দায়ে আমাদের জীবনের তাগিদে। আপনারা জানেন একজন শ্রমিক দিনে এনে দিনে খায়। সুতরাং একদিন যদি আমাদের কর্মসংস্থান না হয়, এখন আমাদের পরিবারের ছেলে–মেয়েদের লেখাপড়াসহ খাওয়া–দাওয়ার খরচ মেটানো আমাদের জন্য কঠিন হয়ে যায়।

কটেজ এন্ড রিসোর্ট ওনার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, আপনার যখন তখন সাজেক বন্ধ করে দিবেন, আমরা বসে থাকবো–এ হতে পারে না। প্রশাসনের অবশ্যই সকল ব্যবসায়ী সংগঠনের সাথে কথা বলা উচিত ছিল। একটা ব্যবসা আমরা তিলে তিলে ছোট থেকে বড় করি এবং স্বপ্ন দেখে থাকি আমাদের ভালো সময় আসবে। আমাদের দুর্গাপূজার এই মৌসুমে যে অবস্থা, প্রত্যেকেই আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের প্রত্যেকেরই ঋণের জালে আছি। আমাদের কোনো ঋণ বা লোন থেমে নেই। কিন্তু আমাদের ব্যবসায়িক অবস্থান আজকে কেমন আছে আপনারা জানেন। আমাদের সাজেক ভ্যালি তাড়াতাড়ি খুলে দিতে হবে। তা না হলে আমরা যারা আছি, সবাই মিলে কঠিন উদ্যোগ নিবো। প্রয়োজনে আমরা হরতাল রাখবো, প্রয়োজনে আমরা বড় বড় সমাবেশ রাখবো। আমাদের সাজেক ভ্যালি খুলে দেওয়া হোক।

ই–ট্যুরিজম এসোসিয়েশন বাংলাদেশের (ইটাব) সদস্য উজ্জ্বল দে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে না দিলে আমরা নতুন কর্মসূচি দিব। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। মানববন্ধন সাজেকের রির্সোট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ পর্যটন সিংশ্লষ্টরা অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধপণ্যের মান বজায় রাখার ক্ষেত্রে আপস করবে না বিএসটিআই