সরবরাহ সংকট চলার মধ্যেই অক্টোবর মাসের জন্য রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস–এলপিজির দাম বাড়াল সরকার। ১২ কেজির এলপিজি সিলিন্ডারে একবারে ২৫২ টাকা বাড়িয়ে গতকাল রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন–বিইআরসি নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দর অনুযায়ী, চলতি মাসে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৮৩৭ টাকায়, যা সেপ্টেম্বরে ছিল ১ হাজার ৫৮৫ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বড় অঙ্কে বেড়েছে। প্রতি লিটারের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। নিয়ন্ত্রক সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দর রোববার (গতকাল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দর বহাল থাকবে। খবর বিডিনিউজের।
অক্টোবরের জন্য বেসরকারি এলপিজির দাম খুচরা পর্যায়ে ভ্যাটসহ প্রতি কেজি ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১৩২ টাকা ১২ পয়সা। সে হিসাবে প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা ৯৪ পয়সা। অক্টোবরের সমন্বয়ে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ২ হাজার ২৯৬ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভ্যাটসহ দাম প্রতি কেজি ১৪৯ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বরে তা ছিল ১২৮ টাকা ৩৭ পয়সা। একই পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি লিটার শূন্য দশমিক ৩৩১৯ টাকা বা প্রতি ঘনমিটার ৩৩১ টাকা ৯০ পয়সা করা হয়েছে।
বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকোর অক্টোবর মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি কনট্রাক্ট প্রাইস বা সৌদি সিপি অনুযায়ী নতুন দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করেছিল বিইআরসি। অগাস্টে এ সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়েছিল। তার আগে জুলাইয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা করা হয়েছিল। জুনে ৫৫ টাকা কমিয়ে দাম করা হয়েছিল ১ হাজার ৮৮৫ টাকা। এর আগে ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা।
সে হিসাবে এপ্রিলে দুই দফায় ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৯৯ টাকা বেড়েছিল। এরপর জুন ও জুলাইয়ে দুই দফায় মোট ৪১২ টাকা কমে। অগাস্টে ৭০ টাকা বাড়ার পর সেপ্টেম্বরে ১৩ টাকা কমেছিল। অক্টোবরে আবার ২৫২ টাকা বাড়ল।
বিইআরসি বলেছে, এলপিজি মজুত ও বোতলজাতকরণ, পরিবেশক এবং খুচরা বিক্রেতাসহ কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না। তবে রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে গ্রাহকদের কিনতে হয় বলে অভিযোগ রয়েছে।











