হুতিদের ১৩৬টি সামরিক স্থাপনায় হামলা, দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে ১৩৬টি সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। খবর বাসসের।

শনিবার জোটের পক্ষ থেকে জানানো হয়, হুতিদের জনবল ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল–মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুতি সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও তাদের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে আমরা বড় ধরনের অভিযান চালাচ্ছি। অন্য একটি পোস্টে তিনি দাবি করেন, হুতিদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় ১৩৬টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। এদিকে, হুতিদের পরিচালিত আল–মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের উত্তর–পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের সংঘাত গত জুলাইয়ে নতুন করে শুরু হয়।

ইয়েমেনের সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। নতুন করে শুরু হওয়া এই সংঘাতের প্রভাব প্রতিবেশী সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। লোহিত সাগরের উপকূলবর্তী ইয়েমেনের বিভিন্ন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের পরিবহনকেন্দ্র, তেল স্থাপনা ও অন্যান্য বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। সৌদি আরবের দাবি, বৃহস্পতিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হন। ওই দিন বিমানবন্দরটিতে হামলার দাবি করেছিল হুতিরা। অন্যদিকে, হুতিদের গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের হামলায় ইয়েমেনের হুতিনিয়ন্ত্রিত রাজধানী সানার একটি বিমানবন্দর এলাকায় দুইজন নিহত হয়েছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সৌদি সমর্থিত বাহিনী হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে পাল্টা অভিযান সত্ত্বেও হুতিদের দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। পাল্টা অভিযানের অন্যতম লক্ষ্য হলো বাব আল–মান্দাব প্রণালীর আশপাশের এলাকা পুনর্দখল করা। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী এই প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সংঘাতের বিস্তার আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বাণিজ্যের ওপরও প্রভাব ফেলতে পারে।

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞায় ছাড় দিয়ে রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি ট্রাম্পের
পরবর্তী নিবন্ধনোবেল না পেয়ে এবারও ক্ষোভ ট্রাম্পের, হতাশা উগরে দিলেন নরওয়ের ওপর