হামের টিকাই নয়, গত বছর ভিটামিন এ ক্যাম্পেইনিংও হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

বিগত সরকারের সময়ে শুধু হামের টিকা নয়, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ‘ক্যাম্পেইনিং’ না হওয়ার কথাও বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, সরকারের কাছে ‘সামান্য কিছু’ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুদ আছে। কয়েকদিনের মধ্যে প্রায় এক কোটি ক্যাপসুল হাতে আসবে। রোববার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন। খবর বিডিনিউজের।

ফেব্রুয়ারি থেকে দেশে হামের প্রকোপ দেখা দেয়। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৬৩ দিনে সারাদেশে হাম ও এই রোগের উপসর্গ নিয়ে ৪৫৯ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেক বছর দুইবার ভিটামিন এ ক্যাম্পেইনিং করার কথা। গত বছরের প্রথমার্ধে একটা ভিটামিন এ ক্যাম্পেইনিং হয়েছিল। তারপরে কোনো ক্যাম্পেইনিং হয় নাই এবং ভিটামিন এ নাই। সামান্য কিছু ভিটামিন এ আমাদের কাছে আছে, যেটা আমরা কিছু কিছু করে ভাগ করে দিচ্ছি, ভিটামিনএ একেবারে অপ্রতুল।

সরদার সাখাওয়াত বলেন, আমরা যে টাকা দিয়েছি জুন মাসের ১০ তারিখের মধ্যে, ইউনিসেফ সেটা আমাদেরকে দেওয়ার কথা। চারদিন আগেও আমি কথা বলেছি, অনুরোধ করেছি যত দ্রুত মিজেলস ভ্যাকসিন দিতে। আগামী পাঁচসাত দিনের ভেতরে আমরা পর্যাপ্ত পরিমাণ, এক কোটির বেশি ভিটামিন এ পেতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা পুরোদমে ভিটামিন বাচ্চাদের ভিতরে দেওয়া শুরু করে দেব। মায়েদের পুষ্টি এবং শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে সচেতনতার বিষয়ে চিকিৎসকদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনার করে ক্ষমতাসীন বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব।

পূর্ববর্তী নিবন্ধকারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে
পরবর্তী নিবন্ধরামুতে তিন নারীর শরীরে পেঁচানো ১ লাখ ২০ হাজার ইয়াবা