দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে এক হাজার ১৯ জন।
হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু বরিশাল বিভাগে, ১৯ জন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪১৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৭ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৬৯, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।












