হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। তবে এদের মধ্যে দুজন চট্টগ্রামের বাইরের জেলার হওয়ায় চট্টগ্রাম সিভিল সার্জনের তালিকায় সেই হিসাব আসেনি।
এদিকে চট্টগ্রামে নতুন করে আরো ৭৭ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৭২ জন নগরীর এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৫৮৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৩৫৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৩০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গতকালের একজনসহ এখন পর্যন্ত মোট ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে একজন। অন্যদিকে গতকাল আরো ৭৪ শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ১১ শিশুর।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধে বর্তমানে টিকার ক্যাম্পেইন চলছে। অভিভাবকরা তাদের ৬ মাস থেকে ৪ বছর ৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা দিয়ে আসতে পারবেন। এছাড়া আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়েও টিকা দিচ্ছেন। আমাদের ক্যাম্পেইন ছিল ১০ মে পর্যন্ত। সেটি ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।













