‘বাল্যবিবাহ বন্ধ করি, কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ করি’ প্রতিপাদ্য সামনে রেখে হাটহাজারীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র্যালি বের করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাম্মৎ কারুন নাহার সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাহ সুলতানা, আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. ইউনুছ। আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, নিরাপদ বাসস্থান, পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং শিশু নির্যাতন প্রতিরোধের ওপর গুরুত্ব দেন। সভায় আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।










