ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গ্রামের প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনের পূর্বে দেশের মানুষকে বিএনপি যে ওয়াদা দিয়েছে তা পূরণ করে চলেছে। সরকারি কোনো সুবিধা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, সেই সুবিধা সকলের। সেখানে ধর্ম, বর্ণ, জাতিকে বিভাজন করে কোনো সুবিধা দেওয়া হবে না। সরকারি সুবিধা ন্যায্যতার ভিত্তিতেই হবে। কারণ সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করবে। তিনি আরও বলেন, পূর্বের কোনো সরকার প্রান্তিক কৃষকদের উন্নয়নের কথা বিবেচনা করেনি। তাই কৃষকদের উন্নয়নও হয়নি। সরকার কৃষি প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় চট্টগ্রামে দুটি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ প্রদান করেছে। তারমধ্যে একটি হাটহাজারীর মির্জাপুরে স্থাপন করা হয়েছে। এই কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করা সহজ হবে।
তিনি গতকাল শনিবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন স্থানে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ক্ষতিগ্রস্ত ১২০ জন কৃষক/কৃষাণীর মধ্যে আমন বীজের চারা বিতরণকালে এসব কথা বলেন। স্থানীয় একটি সেবামূলক সংগঠনের সম্মুখস্থ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। উপজেলা প্রশাসন ও কৃষি অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন। উপ–সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল। এর আগে ভূমি প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ভূমি অফিস চত্বরে সেবা কুঞ্জের উদ্বোধন করেন। পরে হাটহাজারী পার্বতি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৌরসভার বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









