হাটহাজারীতে হাফিজুর রহমান সাগর (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বধু মিয়া চৌধুরীর বাড়ি এলাকার মো. সেলিমের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাফিজুর রহমান সাগর খুলনার বাগেরহাট জেলার কচুয়া থানার লড়ারকুর গ্রামের ৮নং ওয়ার্ডের নবীর মৃধার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালের দিকে সাগরের স্ত্রী প্রতিদিনের মতো নিজ কর্মস্থল গার্মেন্টসে চলে যায়। সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে স্বামী সাগরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে বিষয়টি পুলিশকে জানালে হাটহাজারী মডেল থানা পুলিশের এসআই সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাতে থানায় নিয়ে যায়। নিহতের স্ত্রী জানান, আমি সকালে তাকে বাসায় রেখে নিজের চাকরিতে চলে যাই। সন্ধ্যায় চাকরিতে থেকে বাসায় ফিরে দেখি এ ঘটনা। কেনো তিনি এমন কাজ করলেন কিছুই বুঝতে পারছি না। নিহতের চাচাতো ভাই হানিফ জানান, প্রায় দুই বছর আগে সাগরের বিয়ে হয়। কিছুদিন আগে গাছ থেকে পড়ে কিছুটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলো। তাদের সংসার জীবনেও কোনো অশান্তি বা ঝামেলা ছিলো না বলেও জানান তিনি। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান সোমবার রাতে লাশ উদ্ধারের ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।











