হাটহাজারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৯ মে, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে তাসরিন আকতার (২৫) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন মাহালুমা বাজার এলাকার ওবাইদুল্লাহ সওদাগর বাড়ির শাহাদাত হোসেনের স্ত্রী তাসরিন আকতার গতকাল শুক্রবার দুপুরের দিকে পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়িতে ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাসরিন ১৭ মাস বয়সী এক পুত্র সন্তানের জননী এবং রাউজান উপজেলার গহিরা এলাকার রোজা আলী বাড়ির মুজিবুর রহমান ও রুবি আক্তার দম্পতির কন্যা। পরিবারের দাবি শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের কারণে তাদের মেয়ে আত্মহত্যার পথে পা দিয়েছে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, এ ঘটনায় আইনানুগ কার্যত্রম প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধমালচিংয়ে বদলাচ্ছে রাঙ্গুনিয়ার কৃষি
পরবর্তী নিবন্ধমহেশখালীতে অস্ত্র ও গুলিসহ ৪ ডাকাত আটক