হাছান মাহমুদের চাচাতো ভাইসহ নিষিদ্ধ আ. লীগের দুই সদস্য গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাত আলী তালুকদারসহ (৪৭) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাজ্জাত আলীকে আটক করা হয় এবং গতকাল শনিবার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকেসহ অপর একজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।

গ্রেপ্তার সাজ্জাত আলী তালুকদার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের সুখবিলাস এলাকার মৃত ইসহাক তালুকদারের ছেলে এবং গ্রেপ্তার আব্দুর রাজ্জাক তালুকদার প্রকাশ রজব (৫৬) সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখিল এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের বিষয়ে গোপন তথ্য পেয়ে শুক্রবার মধ্যরাত থেকে রাঙামাটির রাজস্থলী বাস স্টেশন এলাকায় অবস্থান নেয় রাজস্থলী থানা পুলিশ। সাজ্জাত তালুকদারের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাজস্থলী থানার উপ–পরিদর্শক (এসআই) নুরজামান জানান, সাজ্জাত তালুকদারের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল শনিবার সকালে তাকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, গতকাল দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠনের সদস্য সাজ্জাত আলী তালুকদার ও আব্দুর রাজ্জাক তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার কাউন্সিল অধিবেশন
পরবর্তী নিবন্ধশৈশবে ছুড়ে ফেলেছিল হাতি ২০ বছর পরও একই ঘটনা