নেত্রকোণায় হযরত গাউছুল আজম হাওলাপুরী (র.) মানবিকতা ও তরিকত শিক্ষার মহান রূপকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে মাহফিলে তরিকতে গাউছে হাওলা নেত্রকোণা শাখার আয়োজনে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মানবপ্রেম, আত্মশুদ্ধি, আধ্যাত্মিক সাধনা ও তরিকত শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিক ও মানবিক জীবন গঠনে হযরত শাহ্ সুফী সৈয়দ মাওলানা আব্দুল কুদ্দুস হাওলাপুরী (র.) অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর জীবন ও কর্ম শুধু ধর্মীয় পরিমণ্ডলেই নয়, এ অঞ্চলের সাহিত্য–সংস্কৃতি ও বাউল সাধনার ইতিহাসেও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরিফের গদিনশীন হযরত শাহ সুফী মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী (মা.জি.আ.)।
সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। অনুষ্ঠানের শুরুতে হযরত গাউছুল আজম হাওলাপুরী (র.) এঁর জীবন, বংশপরম্পরা, শিক্ষাজীবন, আধ্যাত্মিক সাধনা, তরিকত প্রচার এবং মানবকল্যাণে অবদান নিয়ে একটি প্রবন্ধ পাঠ করেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলিউল্লাহ। প্রবন্ধে তুলে ধরা হয়, চট্টগ্রামের বোয়ালখালীর হাওলা অঞ্চলে জন্ম নেওয়া হাওলাপুরী (র.) দীর্ঘ শিক্ষাজীবনে আরবি, ফারসি, উর্দু, বাংলা ও ইংরেজি ভাষায় গভীর জ্ঞান অর্জন করেন। শিক্ষা শেষে তিনি আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেন। ঢাকার আজিমপুরে পীর হযরত দায়েম পাক (র.) এঁর কাছে বাইয়াত গ্রহণের পর তাঁর নির্দেশনায় চিশতিয়া তরিকার প্রচার ও প্রসারে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে ময়মনসিংহ অঞ্চলের খিলাফত লাভ করে নেত্রকোণার মদনপুর হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি ( র.) মাজার এসে ফয়েজ বরকত হাসিল করে আধ্যাত্মিক সাধনা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও কবি নুরুল ইসলাম ফারুকী ফকির। আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক, গবেষক ও সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, প্রাবন্ধিক, কবি ও কথাসাহিত্যিক প্রফেসর ননী গোপাল সরকার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. আ. চৌধুরী হেলিম, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু ফকির, অ্যাডভোকেট ওয়াজিবুল হক ফকির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাহিত্যিক তানভীর জাহান চৌধুরী এবং বদরুজ্জামান খান মহব্বত। শেষে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাওলাপুরী দরবার শরিফের পীর গদিনশীন হযরত মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী (মা.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।









