হল্যান্ড থেকে

মধ্যবর্তী নির্বাচন নয়, এ ছিল ট্রাম্পকে ঘিরে ‘রেফারেন্ডাম’

বিকাশ চৌধুরী বড়ুয়া | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের পরাজয় ছিল অবশ্যম্ভাবী। বিষয়টি নির্বাচন ঘনিয়ে আসার অনেক আগ থেকে স্পষ্ট হচ্ছিল। কিন্তু নির্বাচনে দলটির এমন ভরাডুবি হবে, হাউস অব রিপ্রেসেন্টেটিভ (প্রতিনিধি পরিষদ) এবং সিনেট– দুটোই হাতছাড়া হয়ে যাবে তা বোধকরি রিপাবলিকান দলের নেতারা তো বটেই, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা–সমর্থকরাও ভাবতে পারেনি। মার্কিন ইতিহাসে ‘ওয়াটার গেইট’ কেলেঙ্কারির পর থেকে গত ৫০ বছরে রিপাবলিকান দলের এটি হলো সব চাইতে বড় পরাজয়। কাউকে তোয়াক্কা না করার মনোভাবসম্পন্ন এবং ‘আনপ্রেডিক্যাবল‘ হিসাবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই পরাজয় ছিল তার গালে চপেটাঘাতের মত। ডেমোক্রেটসরা দুই কক্ষই নিজেদের দখলে নেয়ার মধ্যে দিয়ে ট্রাম্পের তথাকথিত মেগা (MAGA) যুগের সমাপ্তির ঘন্টা বেজে উঠেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এই মধ্যবর্তী নির্বাচনকে কেউ কেউ মার্কিন রাজনৈতিক ইতিহাসে এক ‘পলিটিক্যাল আর্থকোয়েক‘ বা ‘রাজনৈতিক ভূমিকম্প‘ হিসাবে আখ্যায়িত করেছেন। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত অনেক রাজ্য নিজেদের দখলে নিয়েছেন ডেমোক্রেটিক দলীয় প্রার্থীরা। ডেমোক্রেটিক পার্টির এই অবিশ্বাস্য বিজয়কে অনেকে এক ঐতিহাসিক ‘নীল সুনামি‘ হিসাবে আখ্যায়িত করেছেন।

নির্বাচনের পুরোপুরি ফলাফল এই লেখা যখন লিখছি তখন প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেসেন্টেটিভে ২২৫ আসনে জয়ী হয়েছে ডেমোক্রেটিক পার্টি, অন্যদিকে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি পেয়েছে ১৩৮ আসন। অথচ দু–বছর আগে হাউস অব রিপ্রেসেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকান পার্টি পেয়েছিল ২১৮ আসন এবং ডেমোক্রেটিক পার্টি পেয়েছিল ২১৪ আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্যে এই পরিষদে প্রয়োজন ২১৮টি আসন। আসনানুপাতে, দুই দলের মধ্যে পার্থক্য ছিল মাত্র ৪টি আসন। অন্যদিকে সিনেটে রিপাবলিকান পার্টি পেয়েছে ৪৫টি আসন, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ৫৪টি আসন। আরো দুটি আসনের চূড়ান্ত ফলাফল এখনো আসেনি। তবে এই দুটি আসনেই বর্তমানে ডেমোক্রেটিক পার্টি প্রার্থীদ্বয় এগিয়ে রয়েছেন। যদি তারা নির্বাচিত হন তাহলে সিনেটে ডেমোক্র্যাক্ট দলীয় সদস্য সংখ্যা হবে ৫৬টি। নির্বাচনের আগে রিপাবলিকান দলীয় সদস্য সংখ্যা ছিল ৫৩ এবং ডেমোক্র্যাক্ট দলের ছিল ৪৫। এই অভূতপূর্ব জয়কে নির্দ্বিধায় ‘ল্যান্ডস্লাইড ভিক্টরি‘ বা ‘ভূমিধস বিজয়‘ বলা চলে। উল্লেখ্য, একশত আসনের সিনেটে ৫১টি আসন অর্জনকারী দলকে বিজয়ী বলে ধরা হয়।

একথা অস্বীকার করার উপায় নেই যে ডোনাল্ড ট্রাম্পের রয়েছে ইংরেজিতে যাকে বলে ‘ডাইহার্ড ফ্যান‘ এবং বিশাল ভোট ব্যাংক। সেটি ট্রাম্প নিজেও জানেন। আর জানেন বলে তিনি অনেকটা যা খুশি তাই করে চলেন, যা ইচ্ছে তাই বলেন। আজ এক কথা বললেন, পরদিন ঠিক তার উল্টো। কেমন যেন বেপরোয়া ভাব। তার কথার উপর কেউ নির্ভর করতে পারেননা। প্রশ্ন আসে– তারপরও তার দলের এই অবিশ্বাস্য ভরাডুবি হলো কেন? কেন ভোটাররা, এমনকী যে সমস্ত এলাকায় ২০২৪ সালে তিনি প্রেসিডেন্ট–নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেখানেও কেন জনগণ তার মনোনীত কিংবা সমর্থিত প্রার্থীদের ফিরিয়ে দিয়েছেন? কেন জনগণ তার দিক থেকেই মুখ ফিরিয়ে নিলেন? কেউ কেউ বলতে পারেন, তিনি তো নিজে নির্বাচন করেননি। ভোটাররা সিনেট এবং প্রতিনিধি পরিষদের প্রার্থীদের ভোট দিয়েছেন। তিনি কেবল প্রার্থীদের পক্ষে প্রচারাভিযান চালিয়েছিলেন। সেটি ঠিক, কিন্তু এবারের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে যে প্রচারাভিযান দেখা গিয়েছিল তাতে মনে হচ্ছিল এই নির্বাচন দুই পরিষদের সদস্য–নির্বাচন ছিলনা। মনে হচ্ছিল প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। তবে একথা ঠিক এবারের নির্বাচন ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ‘রেফারেন্ডাম‘। ট্রাম্প নিজেই বিভিন্ন নির্বাচনী প্রচারাভিযানে বলে বেড়িয়েছেন, ‘ব্যালট পেপারে আমি নেই বটে, তবে ধরে নিন আপনারা আমাকেই ভোট দিচ্ছেন।‘ তার দলের কতিপয় নীতি নির্ধারকরা মনে করেছিলেন এতে সুফল মিলবে। দলের নেতাদের মধ্যে কেউ কেউ এর বিরুদ্ধে তাদের মতামত দিয়েছিলেন। কিন্তু কে শোনে কার কথা। দলের মধ্যে ট্রাম্পের সিদ্ধান্ত চূড়ান্ত এবং তার বিরোধিতা করা স্পিকার থেকে শুরু করে শীর্ষ নেতাদের কারো নেই, যা আমেরিকার মত একটি গণতান্ত্রিক দেশের জন্যে দুর্ভাগ্যজনক ব্যাপার। নির্বাচনের বেশ আগ থেকে ট্রাম্প গোটা দেশ বিশেষ করে রিপাবলিকান ঘাঁটি হিসাবে পরিচিত এলাকাগুলিতে চষে বেড়িয়েছেন। বিরোধী দলীয় প্রার্থীদের কটাক্ষ করে বক্তব্য রেখেছিলেন। কিন্তু দেখা গেলো ভোটাররা তার উপর থেকে তাদের আস্থা সরিয়ে নিয়েছেন। তাকে ফিরিয়ে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন তার দলের অনেক প্রার্থীকে। প্রশ্ন আসে– কিন্তু কেন? বিষয়টা আমরা যদি একটি একটি করে দেখি তাহলে দেখা যায়–

দু–বছর আগে দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠেন অনেকটা লাগামহীন ঘোড়ার মত, বেপরোয়া। কোন যুক্তি, কারো কোন পরামর্শ তিনি মানতেন না, ক্ষণে ক্ষণে তার সিদ্ধান্ত বদল হয়। দেশের অভ্যন্তরীণ বিষয়ে তো বটেই, আন্তর্জাতিক নীতি–নির্ধারণের ক্ষেত্রেও তা দেখা যায়। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকা কারো সাথে যুদ্ধে লিপ্ত হবেনা। কিন্তু দেখা গেলো তিনি অনেকটা গায়ে পড়ে ইরানের সাথে যুদ্ধ শুরু করলেন। তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেখা গেল গ্যাসের মূল্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী। অবৈধ অভিবাসি বন্ধে বাড়াবাড়ি আইনপ্রয়োগ এবং কোন কোন ক্ষেত্রে হত্যা এবং জোর করে নিজ দেশে ফেরত পাঠানো বিষয়গুলি দলের অনেকেই পছন্দ করেননি। ফলে সাধারণ জনগণের ক্ষোভ ও হতাশা বাড়তে থাকে। অন্যদিকে দেখা গেল ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্প নিজে, তার পরিবারের সদস্যরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করতে থাকেন। তাদের এমন একটা ভাব, যেন তারা সকল ধরা–ছোঁয়ার বাইরে। এর নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা যায় ভোটারদের মাঝে। ‘ফক্স নিউজ‘-এর এক জরিপে দেখা যায়, ট্রাম্প এবং তার পরিবারের সীমাহীন দুর্নীতি ছিল ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে যখন নাভিশ্বাস তখন ট্রাম্পের আচরণ এবং কর্মকান্ড দেখে মনে হচ্ছিল তিনি এই বিষয়ে নিরুদ্বিগ্ন। দ্বিতীয় দফায় গদিতে বসার পর ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের সাথে ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু করেন। ইউরোপ, কানাডা সহ বন্ধু–দেশগুলির সাথে অবন্ধুসুলভ আচরণ ও বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করেন। এককথায় বলা চলে গোটা বিশ্বকে এক গভীর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেন। মুখ ঘুরিয়ে নেন ইউক্রেন থেকে, অন্যদিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রুশ প্রেসিডেন্ট পুতিনের দিকে। তার এই সমস্ত পদক্ষেপ ও কার্যকলাপের কারণে মার্কিন জনগণের মাঝে দ্রুতগতিতে তার জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে। তার মিত্ররা তাকে সাবধান করে দিয়েছিলেন। কিন্তু তিনি তো কারো কথা শোনার পাত্র নন। এছাড়া মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে তার অযাচিত ও অনাকাঙ্ক্ষিত নাক গলানোও রিপাবলিকান দলের এই বিপর্যয়ের অন্যতম কারণ বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন। এই নিয়ে খোদ রিপাবলিকান শিবিরের অভ্যন্তরে ব্যাপক অসন্তোষ ছিল। এই প্রসঙ্গে রিপাবলিকান দলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত টেক্সাসের কথা উল্লেখ করা যেতে পারে। দলের মতামতের বাইরে গিয়ে তিনি সেখানে তার পছন্দের প্রার্থী দাঁড় করিয়েছিলেন। ফলে যা হবার তাই হয়েছে। তার সমর্থিত টেক্সাসের সিনেটর প্রার্থী, কেন প্যাক্সটন এবং সাউথ ক্যালিফোর্নিয়ার সিনেটর প্রার্থী, ডারলিন গ্রাহাম দুজনেই পরাজিত হয়েছেন। মোদ্দা কথা হলো, যে–সমস্ত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে নিজেদের এক কাতারে দাঁড় করিয়েছিলেন এবং প্রতিপক্ষকে আক্রমণে ‘ট্রাম্পের কৌশল‘ অনুকরণ করেছিলেন তাদের ভরাডুবি হয়েছে এবারের মধ্যবর্তী নির্বাচনে। এর মধ্যে রয়েছেন ওহাইওর গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীও। এদিকে ফলাফল জরিপে দেখা যায়, তরুণদের একটি বড় অংশ ট্রাম্পের কারণে রিপাবলিকান পার্টি থেকে তাদের সমর্থন সরিয়ে নিয়েছেন এবং ডেমোক্র্যাক্ট দলীয় প্রার্থীকে ভোট দিয়েছেন। তবে তাদের ভাষায় এই ভোট হচ্ছে ‘প্রতিবাদের ভোট‘, অন্যায়, স্বৈরাচারী মনোভাব ও দুর্নীতির বিরুদ্ধে ভোট। তবে তারা এও বলেছেন, ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দিলেও তা নিঃশর্ত সমর্থন নয়। তারা ভোট দিয়েছেন ‘পরিবর্তনের‘ আশা করে। তারা দেখবেন বিজয়ীরা আগামী দিনে তাদের সে বিশ্বাস বা আস্থা রক্ষা করার লক্ষ্যে কাজ করেন কিনা।

বলা বাহুল্য, দুই কক্ষই (হাউস অব রেপ্রেজেটেটিভ এবং সিনেট) হাতছাড়া হয়ে যাবার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ বেকায়দায় পড়েছেন। তার জন্যে আগামী দুই বছর চ্যালেঞ্জের বছর বললে এতটুকু বাড়িয়ে বলা হবেনা। দ্বিতীয় মেয়াদের বাকি সময়টুকু নীতি নির্ধারণে তাকে অনেক বাধার মুখোমুখি হতে পারে। আগামীতে হাউস অব রিপ্রেসেন্টেটিভের সদস্যরা চাইলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারেন। তদন্ত হতে পারেন ট্রাম্পের পরিবারের সদস্য সহ তার মিত্রদের অনেকের বিরুদ্ধেও। এতদিন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দেয়া থেকে শুরু করে সবক্ষেত্রে ট্রাম্প কোন চ্যালেঞ্জের মুখোমুখি হননি। এখন সিনেট তার দলের হাতছাড়া হয়ে যাবার ফলে বিচারক সহ বিভিন্ন নিয়োগে বাধা দিতে পারবেন ডেমোক্র্যাক্টসরা। কেবল তাই নয়, কোন আইন পাস কিংবা কংগ্রেসের অনুমোদন সহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে পড়বে তার পক্ষে। তখন শুরু হবে নুতন খেলা। আর সেই খেলা শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে, যখন নব–নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন। তবে এমন ভাবারও কোন কারণ নেই যে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল দুই কক্ষে সংখ্যাগরিষ্টতা হারানোর ফলে ডোনাল্ড ট্রাম্প একেবারে ক্ষমতাহীন হয়ে পড়বেন। তা মোটেই নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্রে প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী। আগামী দুই বছর তাকে নীতি নির্ধারণে কিছু বাধার মুখে পড়তে হতে পারে, তবে আন্তর্জাতিক বিষয় এবং বিভিন্ন দেশের সাথে সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেয়া, মার্কিন সেনা মোতায়েন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার মত অনেক ক্ষেত্রে প্রেসিডেন্টের হাতে এখনো অনেক ক্ষমতা রয়েছে। ক্ষমতা থেকে সরাতে চাইলেও ডেমোক্র্যাক্টরা সক্ষম হবেন না। ২০২৭ সালের ৩ জানুয়ারি ১২০তম কংগ্রেস অধিবেশন শুরু হবে। ডেমোক্র্যাক্ট সদস্যরা হাউস অফ রিপ্রেসেন্টেটিভে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন (ইম্পিচমেন্ট) প্রস্তাব আনতে পারবেন। তবে তাকে অপসারণ করতে হলে উপস্থিত সিনেটরদের দুই–তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে, অর্থাৎ ১০০ সিনেটরের মধ্যেই ৬৭টি ভোটের প্রয়োজন হবে। ডেমোক্রেটিক পার্টির সে সংখ্যক সিনেটর নেই। জনগণ ভোট দিয়েছেন ডেমোক্র্যাক্ট দলীয় প্রার্থীদের পরিবর্তনের আশায়। এখন দেখার বিষয় বিজয়ী দল তাদের ওপর অর্পিত আস্থা কতটুকু অটুট রাখতে পারেন। (১০–১১–২০২৬)।

লেখক : সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট।

পূর্ববর্তী নিবন্ধলেখক ও বিপ্লবী অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান
পরবর্তী নিবন্ধপেকুয়ার ​শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি