হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

হজ–২০২৭ সালের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। এ নিবন্ধন কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ–১ শাখা থেকে গত ১৫ নভেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করা হয়েছিল। খবর বাসসের।

পরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করেছে। এ অবস্থায় বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় নতুন করে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। ২২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে বর্ধিত ও অব্যবহৃত কোটা শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা এ সুযোগে প্রাথমিক নিবন্ধন করবেন, তাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ