স্ল্যাব ভেঙে গর্ত, ২১ দিনেও হয়নি সংস্কার

চন্দ্রঘোনা-লিচুবাগান সড়ক

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চন্দ্রঘোনা দোভাষী বাজার ও লিচুবাগান সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সড়কের ওপর নির্মিত কালভার্টের স্ল্যাব ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকেরা। গত ২১ দিন ধরে স্ল্যাবটি ভেঙে পড়ে থাকলেও এটি সংস্কার বা মেরামতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর নির্মিত দুটি স্ল্যাব ভেঙে পড়ে আছে। এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছেন। ওই স্থানে সব সময় ভিড় লেগে থাকে। ভিড়ের কারণে অসাবধানতাবশত অনেক পথচারী গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে স্থানীয়রা জানান। অনেক গাড়ির চাকাও গর্তে পড়ে দুর্ঘটনা ঘটছে বলে জানা গেছে।

স্থানীয় পাহাড়িকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কান্তি জানান, এই সড়ক দিয়ে যানবাহন ও সাধারণ পথচারী ছাড়াও পাহাড়িকা উচ্চবিদ্যালয় এবং বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। চলার পথে সবাই ঝুঁকি নিয়ে চলাচল করছেন বলেও তিনি জানান।

কাপ্তাইচট্টগ্রাম সড়কের যাত্রীবাহী বাসের চালক জসিম উদ্দিন বলেন, লিচুবাগান বাসস্ট্যান্ডে বিপুলসংখ্যক বাস অবস্থান করে। বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য যাত্রীবাহী বাসগুলোকে এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু ভাঙা সড়কের কারণে বাসগুলো চলাচল করতে পারছে না। এতে বাসচালকেরাও চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় ব্যবসায়ী শাহেদুল হক বলেন, চন্দ্রঘোনা দোভাষী বাজারে প্রায় দুই হাজার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের জন্য চাল, ডাল, আটা, তেল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন পণ্য বড় ট্রাকে করে বাজারে আনতে হয়। কিন্তু ভাঙা সড়কের কারণে বড় ট্রাক চলাচল করতে পারছে না।

ব্যবসায়ী ও পথচারীরা জানান, শুধু ভাঙা স্ল্যাবের কারণে নয়, চন্দ্রঘোনা, লিচুবাগান ও দোভাষী বাজারে যাতায়াতের সড়কটির অবস্থাও অত্যন্ত খারাপ। বর্তমানে এই সড়ক দিয়ে ছোটবড় কোনো যানবাহনই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।

দোভাষী বাজারের শিশু চিকিৎসক ডা. মো. কাওসার জানান, চন্দ্রঘোনা দোভাষী বাজারে প্রায় ৫০ জন চিকিৎসক চেম্বার করেন। তাদের কাছে প্রতিদিন শত শত নারী, পুরুষ, শিশু ও কিশোর চিকিৎসা নিতে আসেন। সড়কের দুরবস্থার কারণে আগত রোগীরা আরও বেশি দুর্ভোগে পড়ছেন। তিনি দ্রুত সড়ক ও স্ল্যাব সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধমারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধএডিকশন প্রফেশনালস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা