বর্তমান সময়ে আধুনিকতার অন্যতম অনুষঙ্গ হলো স্মার্টফোন। লেখাপড়া থেকে শুরু করে বিভিন্ন পেশায় এখন অনলাইন ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। মোবাইল ছাড়া জীবন যেন একদণ্ডও চলে না। রেডিও, টিভি, সংবাদ, ই–মেইল, খুদে বার্তা, ক্যালকুলেটর, ঘড়ি, স্বাস্থ্যসচেতনতামূলক বার্তা, সামাজিক যোগাযোগ, লেখালেখি, সংবাদপত্র পাঠ, ব্যাংক লেনদেন ও শেয়ার ব্যবসাসহ দাপ্তরিক যাবতীয় কাজ এখন অনলাইনে সম্পাদিত হচ্ছে। অন্ন, বস্ত্র ও বাসস্থানের মতো স্মার্টফোনও যেন মানুষের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। প্রযুক্তি মানুষের যাপিত জীবনকে করেছে অনেক সহজ, আধুনিক ও দ্রুতগতিসম্পন্ন। আজকাল শখে নয়, মানুষ তার প্রয়োজনের তাগিদেই স্মার্টফোন ব্যবহার করছে।
শিক্ষার্থীরা সারাক্ষণ অনলাইনে থাকে বলে বই পড়ায় মনোযোগ দিতে পারে না। তাদের মন বসে না ধর্মচর্চায়। আজকাল তাদের দেখা যায় না খেলার মাঠে; তাদের একটু সময়ও হয় না শিল্পকলার নানা আয়োজনে অংশ নেওয়ার। এখন শিক্ষার্থীরা আগের মতো পত্র লিখতেও ভুলে গেছে। একসময় কিশোর বয়সের ছেলেমেয়েরা কত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে চিঠি লিখত! চিঠিতে থাকত সাবলীল ভাষায় ভালোবাসার চমৎকার অনুভূতি ও সুখ–দুঃখের বিচিত্র প্রকাশ। স্মার্টফোনের কারণে শিক্ষার্থীরা আজকাল চিঠি লেখার ভাষা পর্যন্ত হারিয়ে ফেলেছে। তাদের মধ্য থেকে ক্রমশ লোপ পাচ্ছে সামাজিক ও মানবিক সম্পর্ক। তারা হয়ে উঠছে অসামাজিক ও যান্ত্রিক।
তবে মানতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রযুক্তি বইয়ের বিকল্প হয়ে উঠতে পারে না। প্রযুক্তিকে জ্ঞান অর্জনের সহায়ক হিসেবে গ্রহণ করে বইকে রাখতে হবে মেধা ও মননের ভিত্তি হিসেবে। প্রতিদিন অন্তত আধা ঘণ্টা বই পড়ার অভ্যাস গড়ে তোলা আবশ্যক। স্মার্টফোন আমাদের সাময়িক বিনোদন দিতে পারে, কিন্তু একটি ভালো বই আজীবনের চিন্তাচেতনা ও মূল্যবোধ সৃষ্টি করে। তাই প্রত্যেকের হাতে প্রযুক্তির পাশাপাশি একটি ভালো বইও থাকা উচিত।
একটি ভালো বই জ্ঞান দানের পাশাপাশি শুধু যে জীবনকে বদলে দেয় তা নয়, একটি বই নতুন স্বপ্ন দেখায় এবং আজীবন চলার পথে বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠে। স্মার্টফোনের আসক্তি আমাদের মনোযোগকে বিক্ষিপ্ত করে ও মানসিক ক্লান্তি বাড়ায়। অন্যদিকে, বই পড়ার আনন্দ মনকে শান্ত করে ও কল্পনাশক্তি বাড়ায়। তাই অনলাইন আসক্তির এই সময়ে বইয়ের প্রতি ভালোবাসা হতে পারে আত্মগঠনের অন্যতম শর্ত। আত্মগঠন হলো ভালো গুণাবলি অর্জন এবং খারাপ কাজ থেকে দূরে থাকার একটি উপায়।
সন্তানদের যতদূর সম্ভব সৃজনশীল কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। পড়ালেখার বাইরে অবসর সময়ে শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতিচর্চা, বাগান করা, ব্যায়াম অনুশীলন ও ভ্রমণের প্রতি আগ্রহী করে তুলতে হবে। তবেই শিক্ষার্থীদের মধ্যে ধীরে ধীরে মোবাইল আসক্তি কমবে এবং তারা বই পড়া ও সৃজনশীল কাজের প্রতি মনোযোগী হয়ে উঠবে।










