স্বাভাবিক

অমৃতা নন্দিনী | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

পথের ওপর ঝরা পাতা–পিষে হাঁটা

স্বাভাবিক।

বামনরা ছোট লম্বায় খানিকটা

স্বাভাবিক।

খুনের খবর, পাশেই বিজ্ঞাপন

স্বাভাবিক।

রাজমুকুটের মাথায় ছেঁড়া পালক

স্বাভাবিক।

ফুল খুব প্রিয়, তাই গাছ থেকে ছিঁড়ি

স্বাভাবিক।

নাম কেনারই জন্য কবিতা লিখি

স্বাভাবিক।

অ্যাকশন সিনে দশে মিলে হুল্লোড়

স্বাভাবিক।

সংখ্যালঘুরা সব সৎ–ভাইবোন

স্বাভাবিক।

চিনির গন্ধে পিঁপড়ের হুটোপুটি

স্বাভাবিক।

কিচেনে আলাদা খায় কামিন–মেয়েটি

স্বাভাবিক।

ব্র্যান্ডি ফুর্তি বিলায় বেয়ারাগণ

স্বাভাবিক।

শ্রমিকের ঘাম লুকায় তাজমহল

স্বাভাবিক।

ঘুড়ি কাটাকুটি–ভো–কাট্টা উল্লাস

স্বাভাবিক।

তেলা মাথাতেই তবু তেল দরকার

স্বাভাবিক।

খেলার বিধানে লেখা টেক্কার জয়

স্বাভাবিক।

কোকিলেরা ডিম পাড়ে পরের বাসায়

স্বাভাবিক।

পূর্ববর্তী নিবন্ধঅনুস্বার
পরবর্তী নিবন্ধঅ্যান কারসন-এর তিনটি কবিতা