জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ থেকে ন্যায়, ইনসাফ, মানবিকতা ও মানুষের অধিকার রক্ষার শিক্ষা নিয়ে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ইসলাম ও ইসলামী মূল্যবোধের মর্যাদা রক্ষার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের মানুষকে সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থ, মানুষের অধিকার এবং ন্যায় ও ইনসাফের প্রশ্নে কোনো আপস করা যাবে না। গত বৃহস্পতিবার রাতে লোহাগাড়ার ঐতিহ্যবাহী চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) এ বিশেষ মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চুনতির ঐতিহ্যবাহী সীরত মাহফিল প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘ ৫৬ বছরের পথচলায় এ আয়োজন চুনতি বা লোহাগাড়ার গন্ডি ছাড়িয়ে দেশের অন্যতম বৃহৎ সীরত মাহফিলে পরিণত হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে মহানবী (সা.) এর জীবনাদর্শ ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এ মাহফিল মানুষের মধ্যে ন্যায়, ইনসাফ ও দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করবে।
আজ সমাপনী : আজ ১২ সেপ্টেম্বর চুনতির ১৯ দিনব্যাপী ৫৬তম মাহফিলে সীরতুন্নবীর (সা.) সমাপনী দিবস। এদিন সকাল ৯টায় শুরু হয়ে দিবাগত ভোররাতে ফজর নামাজের পূর্বে খুতবায়ে ছদর, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে। সমাপনী দিবসে দেশের বিশিষ্ট ওয়ায়েজীন ও ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও সরকারি–বেসরকারি, উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদগণ উপস্থিত থাকবেন। এতে ধর্ম–বর্ণ নির্বিশেষে যোগদান করার জন্য মোতোওয়াল্লী কমিটির সভাপতি শাহ্ সাহেব কেবলার দৌহিত্র মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও শাহজাদা তৈয়বুল হক বেদার অনুরোধ জানিয়েছেন।











