প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার তিনি সাঁজোয়া যান চালান বলে জানিয়েছেন উপ–প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু বারো আউলিয়া খাল থেকে ভিউ পয়েন্ট–১ পর্যন্ত ৮ কিলোমিটার এটিভি ভিহিকল মডেলের (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) সেনা যান চালিয়ে আসেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান ছিলেন বলে জানান উপ–প্রেস সচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রী ৮ কিলোমিটার পথ অতিক্রম করে দুই পাশে তিন বাহিনী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এক ভেন্যু থেকে অন্য ভেনুতে যেতে প্রধানমন্ত্রীকে এই ৮ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এ সময় ধানখেতের পাশ দিয়ে কাদামাটির আঁকাবাঁকা পথে গাড়িটি ধীরে ধীরে চলতে দেখা গেছে। খবর বাসসের।
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত জয়েন্ট স্পেশাল ফোর্সেস এঙারসাইজ–১–২০২৬–এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্ব দরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত। আজকের এই মহড়া বিশ্ব দরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।
গতকাল বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি আরও কার্যকর হবে।
প্রসঙ্গত, ১৯৭৮ সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা দিগন্ত বিস্তৃত ‘স্বর্ণদ্বীপ’ (ভূতপূর্ব জাহাজ্জার চর)। নোয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে ১০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে এই দ্বীপটি উত্তর–দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব–পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত। এই দ্বীপটি প্রথম থেকে দেশের স্বাভাবিক নিরাপত্তা বলয়ের বাইরে ছিল, যা কালের পরিক্রমায় জলদস্যু এবং ডাকাতদের অভয়ারণ্য হয়ে ওঠে।
১৫ আগস্ট ২০১৩ এবং পরবর্তীতে ১৪ নভেম্বর ২০১৩ তারিখে ভূমি মন্ত্রণালয় কর্তৃক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটিকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এপ্রিল থেকে নভেম্বর ৮ মাস স্বর্ণদ্বীপ জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পানির স্তর নিচে নেমে যাওয়ায় দ্বীপটি যান চলাচল ও অন্যান্য কাজের জন্য উপযুক্ত হয়ে ওঠে। বর্তমানে স্বর্ণদ্বীপকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি আদর্শ প্রশিক্ষণ এলাকা হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে স্বর্ণদ্বীপে সেনাবাহিনী এবং বিসিসিটির উদ্যোগে তিনটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।











