আমার স্বপ্নগুলো হঠাৎ করে জড়ো হয়ে দ্বন্দ্বে মেতে উঠে,
বিনাস সাধনে একে অপরের সাথে যুদ্ধে জড়ায়,
বিস্মিত আমি, হতবাক, উৎকণ্ঠিত হৃদয়ে রক্তক্ষরণ হয়, জানি না উপায়।
হায়রে আমার অভিলাষী পোকারা, স্বপ্ন তো
সবাই দেখে, কেউ ঘুমিয়ে কেউ কেউ জেগে,
ধুসর বাদামী রঙ মাখা জীবনের বাঁকা পথে,
বিপদ তো নিয়মিত আসে ঝড়ের বেগে।
মাটিতে নুয়ে পড়া বৃহৎ বৃক্ষের আহাজারী
কে শোনে, সবাইতো এড়িয়ে গেলেই বাঁচে,
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা জীবন্ত কীট আমি
দৈবপাকে বিবর্ণ জীবন, কী বা করার আছে।
রৌদ্র রথে ঘর্মাক্ত শরীর ভিজে যায় ঘামে,
উনুনে কমে যাওয়া গ্যাসের মত শক্তি ফুরায়,
হৃদযন্ত্রের রক্ত প্রবাহ ধীর হয় বক্ষ পিঞ্জরে
নিদ্রাহীন রজনী শেষ হয় অব্যক্ত যন্ত্রণায়।



