এক স্কুল ছাত্রকে (১৪) অপহরণ ও জোরপূর্বক যৌন নির্যাতনের ঘটনায় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানার পুলিশ। গত রোববার রাত পৌনে ১টায় সদরঘাট থানাধীন পুরাতন কাস্টমস এলাকার আমির আলী জমিদারের মেস থেকে আসামি মো. আবুল কালাম মাঝিকে (৪২) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. আবুল কালাম মাঝি ভোলার মনপুরা থানার দক্ষিণ সাগশিয়া এলাকার মৃত শাহাজল হকের পুত্র। বর্তমানে সদরঘাট থানাধীন পুরাতন কাস্টমস আমির আলী জমিদারের মেস এলাকায় থাকেন তিনি।
কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ২৪ মার্চ রাত ৮টায় ভিকটিম নিজ বাসা থেকে নিউ মার্কেটে যাওয়ার সময় মো. আবুল কালাম মাঝিসহ তার আরও কয়েকজন সহযোগী ভিকটিমকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে এবং কৌশলে অপহরণ করে সদরঘাট থানাধীন পুরাতন কাস্টমের পাশে একটি মেসে নিয়ে রাখে। পরদিন বিকাল ৩টায় সেখান থেকে তাকে রেয়াজুদ্দিন বাজারস্থ কাঁচাবাজারের গলির ভিতর হোটেল ইউনিটক’র রুমে নিয়ে যায়। সেখানে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। পরে ভিকটিম সেখান থেকে মুক্ত হয়ে ২৮ মার্চ কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে। প্রায় এক মাস পর কোতোয়ালী থানা পুলিশ গত রোববার আবুল কালাম মাঝিকে গ্রেপ্তার করে।














