দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি।
‘খ’ গ্রুপ থেকে প্রথম পর্ব শেষে পয়েন্ট ও গোল গড় সমান হলেও বেশি গোল দেয়ার সুবাদে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন ও বিজিসি ট্রাস্ট রানার্স আপ হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২–১ গোলে ভেটেরিনারি ইউনিভার্সিটিকে এবং অপর খেলায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ১–০ গোলে ইউএসটিসিকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। উল্লেখ্য ৩টি করে খেলা শেষে বিজিসি ট্রাস্ট ও পোর্ট সিটি ইন্টারন্যাশনালের পয়েন্ট (৭) ও গোল গড় (+১) সমান হয়ে যায়। পোর্ট সিটি ৩ গোল দিয়ে ২ গোল হজম করে, তাদের গোল গড় +১। পক্ষান্তরে বিজিসি ট্রাস্ট ২ গোল দিয়ে ১ গোল হজম করে, তাদের গোল গড় +১। কিন্তু, আইন অনুযায়ী গোলগড় সমান হলে, বেশি গোল দেয়ার সুবাদে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’ (পক্ষে ২ গোল/ বিপক্ষে ১ গোল)-কে টপকে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পক্ষে ৩ গোল/বিপক্ষে ২ গোল) গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়। দিনের প্রথম খেলায় পোর্ট সিটি মাঠে দৃঢ়তা দেখিয়ে জয় আদায় করে নেয়। খেলার শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ সময়ে বেশ কয়েকটা সুযোগও হাতাছাড়া করে তারা। এরই মাঝে খেলার ধারার বিরুদ্ধে গোল করে বসেন ভেটেরিনারি ইউনিভার্সিটির সাঈদ (১–০)। গোল হজম করার পরও বিন্দুমাত্র না ঘাবড়ে আগের মতোই চাপিয়ে খেলতে থাকে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরপর অব্যাহত প্রচেষ্টায় প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে সমতা আনেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তানভীর (১–১)। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিফাত যে গোলটি করেন, সেটাই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয় (২–১)। জয়সূচক গোলটি করে সেরা খেলোয়াড় হন জয়ী দলের রিফাত। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন এনএইচটি হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানসির তাইমুর মোর্শেদ।
দিনের দ্বিতীয় ম্যাচে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও ইউএসটিসি গোল হওয়ার আগ মূহূর্ত পর্যন্ত সমানতালে লড়াই করছিল। কিন্তু ১৭ মিনিটে কর্নার থেকে অসাধারণ এক গোল করে সাঈদ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিকে ১–০ ব্যবধানে লিড পাইয়ে দিলে হঠাৎ করেই থমকে দাঁড়ায় ইউএসটিসি। এরপর থেকে গোলসংখ্যা বাড়িয়ে নেয়ার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে তাদের গোলসংখ্যা বাড়াতে হতো। কিন্তু ইউএসটিসি সেটা আর হতে দেয়নি। অবশ্য বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাগ্যও সহায় ছিল না। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার কারণে তাদের গ্রুপ রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাঈদ সেরা খেলোয়াড় মনোনীত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট প্রাণী বিজ্ঞানী প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া।
উল্লেখ্য গতকাল এই ২টি খেলার মাধ্যমে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। আজ কোন খেলা নাই, আগামীকাল ১৫ নভেম্বর দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন সাউদার্ন ইউনিভার্সিটি ও ‘খ’ গ্রুপ রানার্স আপ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এবং বিকেল ৩টা ২০ মিনিটে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ‘ক’ গ্রুপ রানার্স আপ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) মুখোমুখি হবে। আগামী ১৭ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ফাইনাল অনুষ্ঠিত হবে।











