আকাশে গলিত–স্বর্ণ–প্লাবন, মেঘের নৌকো ভাসে
দিগন্ত–শায়ী অস্ত–সূর্য, হীরে!
ঠিকরে পড়ছে বিকীর্ণ দ্যুতি উদ্ভাসি–উল্লাসে
কৃষ্ণ –মেঘের ছায়ার আড়াল চিরে!
সূর্যের কোন চির–অনুরাগী ফুলে–ফুলে মালা গেঁথে
বিদায়ের ক্ষণ করে সে উদযাপন
সূর্যকে চায় ঘনিষ্ঠতায় যেন আরো কাছে পেতে
একটু পাওয়ায় ভরে না কাঙাল মন!
সন্ধ্যার নদী সূর্যের – সোনা মেখে নিয়ে বুক জুড়ে
অন্ধকারের অপেক্ষা করে ভয়ে
বুকের গহনে কী বেদনা বাজে সান্ত্বনাহীন সুরে
অদৃশ্য –স্রোতে দূরে চলে যায় বয়ে!








