উপকূলীয় বিজ্ঞান ক্লাবের উদ্যোগে গত বুধবার প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘১ম উপকূলীয় বিজ্ঞান মেলা ও সেমিনার’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি আমিরুল হক এমরুল কায়েস, কঙবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মো. নাজিম উদ্দিন সিদ্দিকী, বাঁশখালী থানার এসআই বিভাস কুমার সাহা ও মুনিরুল ইসলাম, ছনুয়া ইউপির সংরক্ষিত ইউপি সদস্য নারগিস সুলতানা চৌধুরী, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.ফোরকানুল হক, শিক্ষক জুলেখা বেগম, শাহিদা আকতার, হেফাজতুর রহমান তারেক, বাহাদুর আলম, আপন দাশ, জুনাইদ মো. রাসেল, রেশমিনা রেশমি, নাজমা আকতার প্রমুখ।
সভাপতিত্ব করেন বিজ্ঞান ক্লাব ও লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীম। মেলা ও সেমিনারে বিজ্ঞান বিভাগের চারটি গ্রুপ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের বহু মেধাবী শিক্ষার্থী সুযোগ–সুবিধার সীমাবদ্ধতা, বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের অভাব এবং গবেষণার অনুকূল পরিবেশ না থাকায় মূলধারার বিজ্ঞান শিক্ষা থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে। সুযোগ পেলে উপকূলীয় শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে অবদান রাখতে সক্ষম হবে। বক্তারা আরও বলেন, উপকূলীয় শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ক্লাব ও উদ্ভাবনী কার্যক্রমে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এ অঞ্চলের শিক্ষার্থীরাও ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। প্রেস বিজ্ঞপ্তি।












