সীতাকুণ্ডে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াল উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে একটি জমির আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে জমির আইলে দুই হাত বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। নারীর হাতে শাঁখা থাকায় তিনি সনাতন ধর্মাবলম্বী ও বিবাহিত বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। পুলিশ জানায়, নারীর শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, শুক্রবার সকালে টেরিয়াল উচ্চবিদ্যালয়ের পাশে জমির আইল থেকে হাত বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ এবং পরিচয় শনাক্তের বিষয়ে বিস্তারিত জানা যাবে।











