সীতাকুণ্ডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নাফিয়া সুলতানা তনিমা (১৬) নামের দশম শ্রেণীর এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। এসময় তার কাছ থেকে স্বর্ণালংকার লুটে নেয় তারা। গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয় এবং নুনাছড়া এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাফিয়া ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও সীতাকুণ্ড পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুনাছড়া এলাকায় নজর আলী মিস্ত্রির বাড়ির বাসিন্দা মো. জহরুল আলমের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো শিক্ষার্থী নাফিয়া তার বিদ্যালয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে সিএনজি অটোরিকশা যোগে আসা মুখোশ পড়া দুই যুবক তার পথ গতিরোধ করে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তার কানের দুল এবং গলার স্বর্ণের চেইন লুটে নিয়ে পালিয়ে যায় তারা। পরে জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসা সেবা দিতে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ভুক্তভোগীর গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।












