সীতাকুণ্ডে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, একজন গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিরা হাইওয়ে থানার টহল পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভা এলাকার নুনাছড়া থেকে আরাফাত হোসেন জিসান (২৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফসার বলেন, রাতে নুনাছড়া এলাকায় একদল ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে টহল পুলিশ সেখানে গেলে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে পিকআপসহ একজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা পিকআপ সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, নুনাছড়া এলাকা থেকে কুমিরা হাইওয়ে থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধএলিয়েন বিজ্ঞানের অমীমাংসিত প্রশ্ন
পরবর্তী নিবন্ধবরমায় বন্যার্ত ৩ হাজার ৫০০ পরিবারে ত্রাণ বিতরণ