সীতাকুণ্ডে বাসে ১৪ ড্রাম চিংড়ি পোনা

সাথে ১শ প্রজাতির অন্যান্য মাছের পোনাও

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে তিন লাখ পাঁচ হাজার চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ১৪ ড্রাম চিংড়ি পোনা জব্দ করা হয়। উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড, চট্টগ্রাম ও কুমিরা নৌ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে চিংড়ি পোনাগুলো জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ জানান, কুমিরা হাইওয়ে থেকে চট্টগ্রাম টু খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ ড্রাম চিংড়ি পোনা আটক করা হয়। এসব পোনার সংখ্যা প্রায় তিন লাখ পাঁচ হাজার।

তিনি বলেন, চিংড়ি পোনা আহরণের সময় প্রায় ১০০ প্রজাতির অন্যান্য মাছের পোনাও ধরা পড়ে, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে এবং সাগরে মাছের মজুদ কমিয়ে দেয়।

সাগরের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আটক চিংড়ি পোনার বাজারমূল্য আনুমানিক ১০ লাখ টাকা। পরে কুমিরা মাছঘাট এলাকায় সেগুলো জনসম্মুখে সাগরে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইটভাটার পুকুর থেকে নিখোঁজ ট্রাকের হেলপারে লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ডে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫