সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ৯টি বগি বনের ভেতর রেখে ৭ বগি নিয়ে ইঞ্জিন শ্রীমঙ্গল রেলস্টেশনে পৌঁছে যায়। এই ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর বিকাল ৫টা ২০ মিনিটে ফেলে যাওয়া বগিগুলোর সংযোগ লাগানো হয়। সেখান থেকে ট্রেনটি শ্রীমঙ্গলের উদ্দেশে ছেড়ে যায়। সেখানে পৌঁছানোর পর আরও কিছু কাজ করার পর চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টার বেশি বন্ধ ছিল। গতকাল শুক্রবার বেলা ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
এদিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট বা রাত ৭টা ৩৫ মিনিট চট্টগ্রাম স্টেশনে পৌঁছে। রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস হিসেবে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ১২টা থেকে ১টার আগে চট্টগ্রাম পৌঁছার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক। তিনি বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত ১টার আগে চট্টগ্রাম স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছাড়ার সম্ভাবনা নেই, তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টা ২০ মিনিটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া দিকে বগিগুলোর সংযোগ হুক লাগানো সম্ভব হয়। পরে ট্রেনটি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে পৌঁছানোর পর আরও কিছু কাজ করা হবে। তারপর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
তিনি বলেন, ট্রেনটির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে সামনের সাতটি বগি নিয়ে ইঞ্জিন এগিয়ে যায়। এ সময় পেছনের নয়টি বগি মাগুরছড়া এলাকায় রয়ে যায়। কয়েক কিলোমিটার এগিয়ে যাওয়ার পর পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা জানতে পারলে ট্রেনটি পেছনে নেওয়া হয়। পরে বিকালে সংযোগ হুক মেরামতের কাজ শুরু হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, লাউয়াছড়ায় পাহাড়িকা এঙপ্রেস আটকে পড়ায় ওই পথে অন্য ট্রেন চলাচলও বন্ধ ছিল।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত রায় বলেন, পাহাড়িকা এঙপ্রেস আটকে পড়ায় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এঙপ্রেস এবং শ্রীমঙ্গলে সিলেটগামী আরেকটি ট্রেন আটকা পড়ে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিশেষ করে চট্টগ্রামগামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন বলে জানান তিনি।










