সিভাসুতে খাদ্য প্রদর্শনীসহ নানা আয়োজন

বিশ্ব খাদ্য দিবস

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৯:৫৬ পূর্বাহ্ণ

বিশ্ব খাদ্য দিবস–২০২৬ উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। বিশ্ব খাদ্য দিবসের এবারের মূল প্রতিপাদ্য হলো ‘ইনোভেট টুডে, নরিশ টুমরো’।

বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, কেক কাটা, খাদ্য প্রদর্শনী, ফুড অলিম্পিয়াড, ই–পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস প্রেজেন্টেশন, নাটিকা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আলোচনা সভা।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় শোভাযাত্রা। সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এরপর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ ভবনের সামনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কেক কাটা হয়। পরে সিভাসু অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত হয় খাদ্য প্রদর্শনী। সকাল সাড়ে ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ই–পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিটস প্রেজেন্টেশন, নাটিকা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।

ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্রেগ্রেন্স (প্রা.) লিমিটেডের পরিচালক মো. রুহুল আমিন এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আনসেলম এল. মার্টিন। খাদ্য দিবসের মূল প্রতিপাদ্যের ওপর প্রেজেন্টেশন দেন ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহের নাহিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমায়ের পেছন পেছন আসছিল শিশুটি,পরে পাওয়া গেল পুকুরে
পরবর্তী নিবন্ধজনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার