সিপিএল অভিষেকে মিরাজের ৩ উইকেট, জয় পেল গায়ানা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) স্বপ্নের মতো অভিষেক হলো বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বল হাতে দুর্দান্ত ঘূর্ণি জাদু দেখিয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় তুলে নিয়েছেন ৩টি মূল্যবান উইকেট। ৪৭ বছর বয়সী ইমরান তাহিরের ৫ উইকেটের সঙ্গে মিরাজের অলরাউন্ডার স্পিনে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। প্রভিডেন্সে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সেন্ট লুসিয়া কিংস। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির জায়গায় একাদশে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন মিরাজ। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই সাফল্য পান তিনি। ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে কুয়েনটিন স্যাম্পসনের হাতে ক্যাচ দেন সেন্ট লুসিয়ার ব্যাটার জন ক্যাম্পবেল (১২)। নিজের তৃতীয় ওভারে এসে সেন্ট লুসিয়াকে জোড়া ধাক্কা দেন মিরাজ। ওভারের প্রথম বলে ২ রান করা কেমল স্যাভরিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। একই ওভারের শেষ বলে শ্রীলঙ্কান ব্যাটার চারিত আসালাঙ্কাকে শাই হোপের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এই অফস্পিনার। মিরাজ ও ইমরান তাহিরের যৌথ স্পিন আক্রমণের সামনে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারালেও ১৮.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। জয়ের দিনে ব্যাটে হাতে অবশ্য সুবিধা করতে পারেননি মিরাজ, করেছেন মাত্র ১ রান।

পূর্ববর্তী নিবন্ধজাপানের কাছে হেরে গেল নারী হকি দল
পরবর্তী নিবন্ধআইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ