নগরের সিটি গেট ও সীতাকুণ্ড থেকে পৃথক অভিযানে ৫৮৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য দপ্তর। গত সোমবার দিবাগত রাতে পরিচালিত অভিযানে এসব মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ ৩ লাখ ১০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী আজাদীকে জানান, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিটি গেটের পর পাক্কা রাস্তার মাথায় অভিযান চালানো হয়। এ সময় মিনি ট্রাকে করে পরিবহন করা ৫৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ ৩ লাখ ৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। অভিযানে অংশ নেন আকবর শাহ থানার ওসি গোলাম রব্বানী এবং এসআই সুজন আচার্য্য।
এছাড়া অপর অভিযানে সীতাকুণ্ড থেকে ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এসব মাছ ৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
মো. কামাল উদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, সামুদ্রিক মৎস্য আইন ২০২০ উপধারা (২) মোতাবেক সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অভিযানে চালানো হয়।














