নগরীর সিআরবিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গতকাল দুপুর ২টার দিকে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে আসেন। তাদের হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার ছিল। একপর্যায়ে তারা মিছিল শুরু করেন। এ সময় কাছাকাছি থাকা পুলিশের একটি টহল দল মিছিলকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ১২ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটিও জব্দ করা হয়।











