চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সালাহউদ্দিন কাসেম খান জাপান সরকারের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেস উইথ রোজেট’–এ ভূষিত হয়েছেন। জাপান–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি হিসেবে জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক বিনিময়, বাণিজ্যিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা সমপ্রসারণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
গত ৫ নভেম্বর বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে সালাহউদ্দিন কাসেম খানকে এ সম্মাননা অর্জনের কথা জানান এবং আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসুর পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্রও তাঁর কাছে হস্তান্তর করেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর অভিনন্দনবার্তায় উল্লেখ করেন, জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক বিনিময় বৃদ্ধিতে সালাহউদ্দিন কাসেম খানের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। তিনি তাঁর সুস্বাস্থ্য, সুখ ও অব্যাহত সাফল্য কামনা করেন। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতও অভিনন্দনবার্তায় সালাহউদ্দিন কাসেম খানের অসামান্য অবদানের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।
উল্লেখ্য, ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেস উইথ রোজেট’ জাপানের অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা। আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননায় ভূষিত করা হয়।












