দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে দেশে হাম শনাক্ত হয়েছে আরো ৬৬টি নমুনায়। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, সারাদেশে ১৫ মার্চ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৯ জনে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২২০ জন ঢাকায় মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। ময়মনসিংহ বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। আর খুলনা বিভাগে হামে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এরমধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৯ জন। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪৩১ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ২৩ জন ভর্তি হয়েছেন রংপুরে। এ নিয়ে দেশে হামের উপসর্গ থাকা রোগীয় সংখ্যা দাঁড়াল ৭৯ হাজার ১২ জনে। আর হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৮৬টি নমুনায়।










