২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বিএনপির মহাসমাবেশে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গতকাল সোমবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। খবর বাসসের।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর তাকে চব্বিশের জুলাই আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ডে নেওয়া হয় একাধিক মামলায়।











