চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী কৃতী শিক্ষার্থী সাদমান ইসলামের অসাধারণ সাফল্যে প্রধানমন্ত্রী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাদমানের এই কৃতিত্বকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া বিশেষ উপহার, শুভেচ্ছা ও অভিনন্দন সাদমানের কাছে পৌঁছে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি এবং সদস্য সচিব নাজিমুর রহমান।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থী সাদমান ইসলাম এবারের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২৭১ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সে সর্বোচ্চ নম্বর অর্জন করেছে বলে জানা গেছে।
গতকাল সোমবার সাদমানের এই অসাধারণ সাফল্যের খবর পেয়ে তার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি এবং সদস্য সচিব নাজিমুর রহমান। এ সময় তারা সাদমানের সঙ্গে তার পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় এরশাদ উল্লাহ এমপি বলেন, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সাদমান যে কৃতিত্ব অর্জন করেছে, তা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ভালো ফলাফল অর্জন পাশাপাশি ভবিষ্যতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করাই হবে তার সবচেয়ে বড় অর্জন। সাদমানের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, সাদমানের এই অসাধারণ ফলাফল শুধু তার নিজের জন্য নয়, তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং চট্টগ্রামের জন্যও গর্বের বিষয়। সাদমানের এই কৃতিত্বের জন্য তার পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছৈয়দ আজম উদ্দিন, অ্যাডভোকেট আবদুস সাত্তার, নিয়াজ মোহাম্মদ খান ও এস এম সাইফুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











