সাতকানিয়া থানার এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

ইয়াবা উদ্ধারের পর আত্মসাতের অভিযোগ

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

৩০ হাজার পিস ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানার এক এসআইসহ ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন, এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের স্বাক্ষরিত এক আদেশে প্রশাসনিক কারণে তাদের সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীম। মূলত অভিযোগের বিষয়টি সঠিকভাবে তদন্তের জন্য তাদেরকে প্রত্যাহার করা হয় বলে জানা যায়।

জানা যায়, গত শনিবার রাতে চকরিয়া থেকে বান্দরবানের লামা হয়ে ৩০ হাজার ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি মিনি ট্রাক। লোহাগাড়ার পুটিবিলা এলাকায় পৌঁছালে পুলিশের কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় মোটরসাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকটি থামানো হয়। এরপর চালককে নিয়ন্ত্রণে নিয়ে ট্রাকটি বিভিন্ন স্থানে ঘোরানোর পর সাতকানিয়ার কেরানীহাটের উত্তর পাশে রেলক্রসিং এলাকায় নেওয়া হয়। সেখানে তল্লাশির করে ট্রাকের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করে নিজেরা আত্মসাৎ করে।

ট্রাক চালক মো. নাছির জানান, তাকে হাতকড়া পরিয়ে ট্রাক থেকে নামানো হয়। পরে তাকে একটি অটোরিকশায় আটকে রাখা অবস্থায় ট্রাকে তল্লাশি চালিয়ে তিনটি পোটলায় রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ক্যামেরার মেমোরি কার্ডও ফরম্যাট করে দেওয়া হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাদেরকে সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৭৫ বছরের বৃদ্ধাকে হত্যা : ঘাতক ভাড়াটিয়া রিফাত
পরবর্তী নিবন্ধওয়্যারলেস এলাকায় কিশোর খুনের মামলায় বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ