সাতকানিয়ায় ইয়াবা, গাঁজা ও মদসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা, ৩২০ গ্রাম গাঁজা ও ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিকাল ও রাতে উপজেলার ছদাহা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ঘটনার দিন বিকালে ছদাহা ফজুর পাড়ার আবুল কাসেম মিয়া প্রকাশ কাসু মিয়ার চায়ের দোকান থেকে ইয়াবা ও গাঁজা কিনে চলে যাওয়ার সময় স্থানীয় লোকজন ৬ জনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন, ছদাহা সাতগরিয়া পাড়ার আরাফাত (২৫), হরিনতোয়ার মনজুর আলম (৪০), ঢেমশার আসিফ (২২), একই ইউনিয়নের দিদার (২১), আকিব (২০) ও মো. তারেক (২২)। গ্রেপ্তারকৃতদের দেহ ও আবুল কাশেম মিয়ার দোকানে তল্লাশি চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, ওইদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে ছদাহা এলাকা থেকে ১৮ লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, পদুয়ার পশ্চিম বাকমুয়ার মো. ওমর ফারুক (২৭), মো. সাকিব (২৬) ও সাতকানিয়ার আব্দুর রহিম ওরফে রাজীব (৩২)। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












