সাতকানিয়ায় এক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে ইউপি সদস্য মোঃ মাহফুজুর রহমান (৩৮) আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিব্বাড়ী পরানেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য মোঃ মাহফুজুর রহমান জানান, ঘটনার দিন রাতে খাবার শেষে পরিবারের সদস্যরা অন্যান্য দিনের মতো ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল বাড়ির সিঁড়িঘরের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। আমি বাধা দিলে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও হাতে আঘাত করে।
ইউপি সদস্য মাহফুজুর রহমান আরও জানান, পরে ডাকাত দলের সদস্যরা আলমারি ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকা, মূল্যবান মালামালসহ প্রায় ২০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে আশপাশের কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ঘটনার শিকার ওই ইউপি সদস্য ও স্বজনদের মামলা করতে বলা হয়েছে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।











