সাক্ষীদের হুমকি, জামিন বাতিল করে দুই আসামিকে কারাগারে প্রেরণ

গৃহবধূ মামনি হত্যা মামলা

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ির হারুয়ালছড়িতে গৃহবধূ মামনি বালা দে (২৫) হত্যা মামলার দুই আসামি তয়ন দে ও সানি দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের আদালতে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, শুনানিকালে আসামিপক্ষ জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

অ্যাডভোকেট রুবেল কুমার দে বলেন, মামলার আসামিরা জামিনে ছিলেন। জামিনে থাকা অবস্থায় মামলার সাক্ষীদের হুমকি দেওয়ায় আদালত তদন্ত শেষে জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণ করেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ এপ্রিল গভীর রাতে ফটিকছড়ির ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর এলাকার ভুবন মহাজন বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ রয়েছে, প্রবাসী রূপন কান্তি দে’র বসতঘরে দেয়াল টপকে ও ছাদ ব্যবহার করে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তারা গৃহবধূ মামনি বালা দে’কে ছুরিকাঘাতের পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ সময় তার চিৎকার শুনে শ্বশুর মিলন কান্তি দে এগিয়ে এলে দুর্বৃত্তরা তার ওপরও হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার সময় নিহতের শাশুড়ি এক বছর বয়সি নাতনিকে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় প্রতিবেশী সানি দাশসহ কয়েকজনকে চিনতে পারেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সানি দাশ ও তয়ন দে’কে গ্রেপ্তার করে।

নিহতের স্বামী প্রবাসী রূপন কান্তি দে বলেন, বিচার পাওয়ার আশায় সাত বছর ধরে আমরা আদালতের দ্বারে দ্বারে ঘুরছি। যারা আমার স্ত্রীর নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের যেন দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৮ শতাংশই শিশু
পরবর্তী নিবন্ধ‘মব’ করে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নিল আসামি