সাইকেল চালিয়ে এভারেস্ট অঞ্চলের কয়েকটি পর্বতশৃঙ্গ জয়

প্রথম বাংলাদেশি কাপ্তাইয়ের বীর কুমার ১০৪ দিনের দুঃসাহসিক যাত্রা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের কক্সবাজার থেকে সাইকেল চালিয়ে ভারত হয়ে নেপালের দুর্গম পাহাড়ে ভ্রমণ শুরু করেছিলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার বীর কুমার তঞ্চঙ্গ্যা। ১০৪ দিনের দুঃসাহসিক যাত্রায় নেপালের চারটি চ্যালেঞ্জিং ট্রেইল, এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাস ও পাঁচটি পর্বতশৃঙ্গ জয় করেছেন তিনি। গত ২৭ নভেম্বর সকালে বাংলাদেশ সময় ৯টা ৪৮ মিনিটে মানাসলু সার্কিটের সর্বোচ্চ গিরিপথ লারকে লা পাস অতিক্রমের মধ্য দিয়ে তার অভিযানের শেষ নির্ধারিত পাস সামিট সম্পন্ন হয়েছে।

পাহাড়ের সন্তান বীর কুমার তঞ্চঙ্গ্যা কাপ্তাই উপজেলার ওয়াগ্‌গা ইউনিয়নের কুক্যাছড়ি গ্রামের বাসিন্দা সুশীল তঞ্চঙ্গ্যা ও কুশিক্কো তঞ্চঙ্গ্যার ছোট ছেলে। পরিবারে পাঁচ ভাই, এক বোনের মধ্যে সবার ছোট বীর কুমার। তিনি ২০২১ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করেছেন। এর আগে তিনি সাইকেল চালিয়ে ৪০ দিনে দেশের ৬৪ জেলা এবং ভারতের ১০টি রাজ্য ঘুরেছিলেন। এবার তিনি প্রথম সাইকেলে করে কঙবাজার থেকে নেপালে গেলেন।

বীর কুমার তঞ্চঙ্গ্যা দাবি করেন, তিনি প্রথম বাংলাদেশি ও প্রথম পাহাড়ি সাইক্লিস্ট হিসেবে এই অভিযান সম্পন্ন করেছেন। তার লক্ষ্য ছিল নেপালের এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প ও মানাসলু সার্কিট জয় করা। পাশাপাশি এভারেস্ট অঞ্চলের কংমা লা, চো লা ও রেনজো লা পাস এবং নাংকারশাং পিক, ছুকুং রি পিক, কালাপাথর, গোকিও রি ও পিকে পিকের চূড়ায় বাংলাদেশের লাল–সবুজের পতাকা ওড়ানো।

বীর কুমার তঞ্চঙ্গ্যার দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ আগস্ট কঙবাজার থেকে তার যাত্রা শুরু হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১৮ সেপ্টেম্বর নাংকারশাং পিক (৫ হাজার ৮৩ মিটার), ১৯ সেপ্টেম্বর ছুকুং রি পিক (৫ হাজার ৫৫০ মিটার), ২১ সেপ্টেম্বর কংমা লা পাস (৫ হাজার ৫৫০ মিটার) এবং ২২ সেপ্টেম্বর এভারেস্ট বেস ক্যাম্প (৫ হাজার ৩৬৪ মিটার) জয় করেন। পরদিন ২৩ সেপ্টেম্বর কালাপাথর আরোহণ করেন। এরপর ১ অক্টোবর চো লা পাস (৫ হাজার ৪২০ মিটার), ৪ অক্টোবর গোকিও রি (৫ হাজার ৩৫৭ মিটার) এবং ৬ অক্টোবর রেনজো লা পাস (৫ হাজার ৩৬০ মিটার) জয় করেন।

অভিযানের পরবর্তী ধাপে ১৩ অক্টোবর পিকে পিক (৪ হাজার ৬৫ মিটার) আরোহণ করেন। ৪ নভেম্বর অন্নপূর্ণা সার্কিটের সর্বোচ্চ গিরিপথ থরং লা পাস (৫ হাজার ৪১৬ মিটার) এবং ৯ নভেম্বর অন্নপূর্ণা বেস ক্যাম্প (৪ হাজার ১৩০ মিটার) জয় করেন। সর্বশেষ ২৭ নভেম্বর সকালে ৫ হাজার ১০৬ মিটার উচ্চতার লারকে লা পাস অতিক্রম করেন তিনি।

এ অভিযান শুধু দুর্গম পাহাড় জয় কিংবা ব্যক্তিগত সাফল্য অর্জনের জন্য নয় বলে জানান বীর কুমার তঞ্চঙ্গা। তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে দেশে–বিদেশে সচেতনতা সৃষ্টিই তার মূল উদ্দেশ্য। দীর্ঘ যাত্রায় প্রচণ্ড গরম, হাড় কাঁপানো ঠান্ডা, তুষারপাত, প্রতিকূল আবহাওয়া, দুর্গম পাহাড়ি পথ ও শারীরিক ক্লান্তির সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। লারকে লা পাস জয়কে দীর্ঘদিনের স্বপ্নের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, আমার এতদূর আসতে পারার পেছনে পার্বত্য মন্ত্রী, রাঙামাটি আসনের সংসদ সদস্যসহ সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাই। ২৮ নভেম্বর মানাসলু বেস ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর দেশে ফেরার প্রস্তুতি নেব।

এর আগে বীর কুমার ২০২৩ সালের ৮ জুন সাইকেল নিয়ে ঘর থেকে বের হয়ে ১৮ জুলাই ৪০ দিনে দেশের ৬৪ জেলা সাইকেল নিয়ে ভ্রমণ শেষ করেন। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৭১ দিনে ভারতের ১০টি রাজ্যে সাইকেলে ভ্রমণ করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসোনার ভরি ফের ২ লাখ টাকা ছাড়াল