সকাল বেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে যায় কিশোর নূরে এলাহি নাদিম (১৩)। এ সময় সমবয়সীদের পাল্লায় পড়ে ওপারে জেগে ওঠা চরে ফুটবল খেলতে যাওয়ার মনস্থির করে সে। এজন্য নদীতে সাঁতরিয়ে ওপারে যাওয়ার সময় হঠাৎ চোরাবালিতে তলিয়ে নিখোঁজ হয়ে পড়ে সে। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় তার নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনার খোন্দকার পাড়াস্থ মাতামুহুরী নদীর ঘাট পাড়া পয়েন্টে এ ঘটনাটি ঘটে।
মারা যাওয়া কিশোর নূরে এলাহি নাদিম ওই এলাকার সংবাদকর্মী অলি উল্লাহ রণির সন্তান এবং সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নাদিমের স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মাতামুহুরী নদীতে গোসল করতে যায় নাদিমসহ কয়েকজন বন্ধু। গোসলের আগে বন্ধুরা মিলে পৌরসভা খোন্দকারপাড়া থেকে নদীর ওপারে সাহারবিল ইউনিয়নের বাটাখালীতে জেগে ওঠা চরে ফুটবল খেলতে যাচ্ছিল। এ সময় সাঁতার কেটে নদী পার হওয়ার সময় নদীতে তলিয়ে যায় নাদিম। এরপর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজির পর নাদিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাদিমের চাচা বেলাল মোহাম্মদ হাবিব উল্লাহ দাবি করেন, মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সৃষ্ট বিশাল বিশাল গর্ত এখন একেকটা চোরাবালি। এই কারণে প্রতিনিয়ত মাতামুহুরী নদীতে নামতেই অহরহ প্রাণ সংহারের ঘটনা ঘটছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্কুলছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।














