পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, মাছ আমাদের প্রাত্যহিক জীবনে খাদ্যের অন্যতম উপাদান। মানুষের শরীরে আমিষের ঘাটতি পূরণে এ মাছ অন্যতম একটি উপাদান। তাই বর্তমান সরকার বিভিন্ন জলাশয়ে নিরাপদ মৎস্য উৎপাদন বাড়িয়ে আমিষের ঘাটতি পূরণকে অগ্রাধিকার খাত হিসেবে খুবই গুরুত্ব দিয়ে দেখছে। কোন জলাশয় যাতে মাছ চাষের বাইরে না থাকে তার জন্য স্থানীয় মৎস্য দপ্তর ও জনগণকে আন্তরিক হতে হবে। যেখানেই পানি সেখানেই মাছ চাষকে গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে একদিকে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে অন্যদিকে মানুষের শরীরে প্রতিদিন যে পরিমাণ আমিষের প্রয়োজন হয়, সে আমিষের চাহিদা পূরণ হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক রাজস্ব খাতের আওতায় পটিয়া পৌরসভা ও ইউনিয়নের প্রাতিষ্ঠানিক পুকুরসমূহে রোগমুক্ত পোনা মাছ বিতরণকালে এসব কথা বলেন। এসময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে রোগমুক্ত মাছের পোনা তুলে দেন এবং উপজেলা পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ কর্মসূচির আওতায় উপজেলার ৪৭টি পুকুরে ২৫০ কেজি ১০–১৫ সে.মি. সাইজের রুই জাতীয় মাছের পোনা (রুই, কাতলা, মৃগেল এবং কালিবাউস) বিতরণ করা হয়। পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে রোগমুক্ত মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবউল্লাহ উপজেলা প্রকোশলী তন্ময় নাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জামাল হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী তাহের, দক্ষিণ জেলা বিএনপি সদস্য মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল মাবুদ, পৌরসভা কৃষক দল নেতা বুলবুল আহমেদ, মাহাবুবুল আলম পারভেজসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ।











