কোনো সরকারি হাসপাতালের আশপাশে এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। সেইসঙ্গে সীমানার মধ্যে থাকা ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা বসতেও পারবেন না।
গতকাল বুধবার এ ব্যাপারে নির্দেশনা দিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। খবর বিডিনিউজের।
এর আগে মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশে ব্যাঙের ছাতার মত ক্লিনিকগুলো গজিয়ে উঠেছে। দুর্নীতির আশ্রয়ে, লিয়াজোঁ করে এগুলো করা হয়েছে। আমরা আর নতুন করে সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমতি দেব না। বর্তমান যেগুলা আছে তাদের কার্যক্রম তদারকি করা হবে। মানসম্মত সেবা দিতে ব্যর্থ হলে তাদের অনুমোদন বাতিল করা হবে। সরকারি হাসপাতালের আশেপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না দেওয়ার কথা বলেন মন্ত্রী।











