সরকারি দপ্তরে সেবাগ্রহীতারা যেন হয়রানির শিকার না হন : ডিসি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ জুন, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

কেবল নিজের জীবনমানের উন্নয়ন নয়, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, চাকরি জীবনে কে কত সুবিধা পেয়েছেন বা নিজের জীবনে কত পরিবর্তন এনেছেন, সেটি বড় বিষয় নয়; বরং রাষ্ট্র ও সমাজকে কী দিতে পেরেছেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গতকাল চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ১৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি চাকরি কেবল একটি পদ বা দায়িত্ব নয়; এটি জনগণের প্রতি অঙ্গীকার। তাই সেবাগ্রহীতারা যেন সরকারি দপ্তরে এসে হয়রানি বা অবহেলার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, ‘আজ আপনি যে চেয়ারে বসে সেবা দিচ্ছেন, খুব বেশি দিন পর আপনাকেও সেবাগ্রহীতার আসনে বসতে হবে। তখন আপনি কেমন আচরণ প্রত্যাশা করবেন, সেটি মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আক্ষেপ করে বলেন, সরকারি অফিস থেকে বের হয়ে সন্তুষ্টি প্রকাশ করেনএমন মানুষের সংখ্যা এখনো খুব বেশি নয়। মানুষের এই অসন্তোষ দূর করতে সেবার মান উন্নয়নের পাশাপাশি দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিকতার চর্চা বাড়াতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করে ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক হিসেবে সূচনা বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।

পূর্ববর্তী নিবন্ধনৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলেন ৬১জন নবীন কর্মকর্তা
পরবর্তী নিবন্ধশরীর ও মনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে যোগব্যায়াম : মেয়র