সরকারকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে

বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় নজরুল ইসলাম

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য চট্টগ্রামের উদ্যোগে আগামী ১৩ জুন ঐতিহাসিক লালদীঘি ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশের সার্বিক প্রস্তুতি, করণীয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি মুমিনুল হক এবং দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জনগণ গণরায়ের বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রত্যাশা করলেও সরকার সে পথে অগ্রসর হচ্ছে না। তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশসমূহ ল্যাপস করে দিয়ে একদিকে গুম, খুন ও সন্ত্রাসের পরিবেশকে উৎসাহিত করা হচ্ছে, অন্যদিকে ব্যাংক, বীমা ও অর্থনীতির বিভিন্ন খাতে পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সভা
পরবর্তী নিবন্ধপাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নে ঐক্যের আহ্বান